ঢাবিতে আর্জেন্টাইন রাষ্ট্রদূতকে নিয়ে মেসির জন্মদিন উদযাপন
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন তার সমর্থকেরা। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কাটা, ফ্ল্যাশ মব ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন প্রতিনিধি দলের সদস্য মার্টিন ডি এসকালাদাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিন বিকেল থেকেই টিএসসি এলাকায় জড়ো হতে থাকেন আর্জেন্টিনার সমর্থক শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার জার্সি ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা মেসির জন্মদিন উদযাপনে অংশ নেন। একপর্যায়ে রাজু ভাস্কর্যের সামনে ফ্ল্যাশ মব পরিবেশন করেন একদল তরুণ। ড্রামের তালে তালে আর্জেন্টিনার সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে টিএসসি এলাকা।
পরে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন করা হয়। এ সময় সমর্থকদের অনেককে ‘হ্যাপি বার্থডে মেসি’ লেখা ব্যানার ও মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করতে দেখা যায়।
অনুষ্ঠানে আর্জেন্টাইন রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, মেসির জন্মদিন উদযাপন মানে শুধু একজন ফুটবলারের জন্মদিন পালন নয়, বরং তার দীর্ঘ ক্যারিয়ারের অর্জন, স্মৃতি ও অনুপ্রেরণাদায়ক যাত্রাকে স্মরণ করা।
ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।