নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক
প্রতিকি ছবি
নরসিংদীতে জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী(২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সদর উপজেলার কামারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি ওই এলাকার আব্দুর রবের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় একটি জীবন্ত কুকুরের গলায় দড়ি দিয়ে ইট বেঁধে সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে ফেলে দেওয়া হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটি নজরে আসার পর নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের উদ্যোগে অভিযুক্তকে শনাক্তের কাজ শুরু করে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংগঠনের গ্রুপে তথ্য ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হয়ে ছাত্রদলের কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
জানতে চাইলে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখি। সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে অভিযুক্তের পরিচয় ও ঠিকানা খুঁজতে শুরু করি।পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, একটি কুকুরকে গলায় দড়ি বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি নেওয়া হবে।