টিভি পর্দাতেই দেখা যাবে আপনার ইনস্টাগ্রাম রিলস-স্টোরি
স্মার্ট টিভির বড় পর্দাতেও দেখা যাবে ইনস্টাগ্রামের জনপ্রিয় রিলস ও স্টোরি। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য আরও একটি নতুন সুবিধা নিয়ে এসেছে মেটা। এতদিন মোবাইলেই সীমাবদ্ধ ছিল ইনস্টাগ্রাম-এর অভিজ্ঞতা। তবে নতুন আপডেটের ফলে এবার স্মার্ট টিভির বড় পর্দাতেও দেখা যাবে ইনস্টাগ্রামের জনপ্রিয় রিলস ও স্টোরি।
রিলস কাস্টিং ফিচারে বদলে যাবে দেখার অভিজ্ঞতা
নতুন আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো রিলস কাস্টিং। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে থাকা ইনস্টাগ্রাম রিলস সরাসরি টিভির স্ক্রিনে চালাতে পারবেন। শুধু তাই নয়, নিজের সেভ করা ভিডিওও বড় পর্দায় দেখার সুযোগ মিলবে। এর ফলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ইনস্টাগ্রামের কনটেন্ট উপভোগ করা অনেক সহজ হবে।
শুধু রিলস নয়, দেখা যাবে স্টোরিও
মেটা জানিয়েছে, টিভি অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিস দেখার সুবিধাও যোগ করা হচ্ছে। পাশাপাশি বড় স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে অনুভূমিক ভিডিও বিভাগ, যাতে টিভিতে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও আকর্ষণীয় হয়।
কোন টিভিতে ব্যবহার করা যাবে?
প্রাথমিকভাবে ২০২০ সাল বা তার পরে বাজারে আসা স্যামসাং স্মার্ট টিভি-তে এই সুবিধা পাওয়া যাবে। এর আগে ইনস্টাগ্রাম টিভি অ্যাপ মূলত অ্যামাজন ফায়ার টিভি এবং গুগল টিভি ডিভাইসের জন্য সীমিত ছিল। নতুন আপডেটের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে মেটা।
মেটা এরই মধ্যেই যুক্তরাষ্ট্রে এই নতুন সুবিধা চালু করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, ধাপে ধাপে ভারতসহ অন্যান্য দেশেও এই ফিচার চালু করা হবে। ইনস্টাগ্রামকে শুধু মোবাইল অ্যাপের মধ্যে সীমাবদ্ধ না রেখে ঘরের বিনোদনের অংশ করে তুলতেই মেটার এই নতুন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।