রামু থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
সোমবার (২৯ জুন) দুপুরে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জসিম উদ্দিন (৫২) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়াদীঘি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দরিয়াদীঘি এলাকার নুরুল আজিমের দোকানের সামনে থেকে জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত জসিম উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।