সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিকি ছবি

সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলো- রাজশাহীর জগীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব। রায় ঘোষণার সময় আসামি মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৫ জুলাই যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ মহাসড়কে টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি প্রাইভেটকারে করে রাজশাহী থেকে ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ যমুনা সেতু গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওসমান গনি, মো. গোফরান ও মো. রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে এ ঘটনায় আরও তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে আদালত ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন