সাইবার সুরক্ষা আইনের জুয়া সংক্রান্ত ধারা বাতিল করে বিল পাস
ফাইল ছবি
জুয়া প্রতিরোধ আইনের সঙ্গে দ্বৈততা নিরসনে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’-এর একটি ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে। এর মাধ্যমে মূল আইনের জুয়া সংক্রান্ত ২০ নম্বর ধারাটি বাতিল করা হলো।
মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। পরে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাইবার জগৎ নিরাপদ ও সুরক্ষিত রাখতে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়। উক্ত আইনের ২০ ধারায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান ছিল।
কিন্তু এরই মধ্যে জুয়া সংক্রান্ত অপরাধগুলো প্রতিরোধের জন্য ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৩’ নামে একটি স্বতন্ত্র ও বিস্তারিত আইন প্রণয়ন করা হয়েছে। একই অপরাধের জন্য দুটি ভিন্ন আইনের বিধান থাকায় ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’ থেকে ধারা ২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়।
এর আগে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিলটি পর্যালোচনা করে সংসদে পাসের সুপারিশ করে।
আন্দালিব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও বিশেষ আমন্ত্রণে উপস্থিত থেকে বিলটি চূড়ান্তকরণে সহায়তা করেন।