গবেষণা-শিল্প সংযোগে সিকৃবিতে টিটিও উদ্বোধন
সংগৃহীত
গবেষণালব্ধ উদ্ভাবনকে শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে যুক্ত করা, বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং গবেষণার ফলাফল বাণিজ্যিকীকরণের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে চালু করা হয়েছে টিটিওর অফিসিয়াল ওয়েবপেজ।
মঙ্গলবার (৩০ জুন) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের পঞ্চম তলায় আয়োজিত অনুষ্ঠানে টিটিওর উদ্বোধন করেন সিকৃবির উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের সহযোগিতায় এ টেকনোলজি ট্রান্সফার অফিস প্রতিষ্ঠা করা হয়েছে।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিল্পখাত ও ব্যবসায়ী মহলের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন, প্রযুক্তি হস্তান্তর, পেটেন্ট, লাইসেন্স ও ট্রেডমার্কসহ বুদ্ধিবৃত্তিক সম্পদের সুরক্ষা এবং গবেষণালব্ধ প্রযুক্তির বাণিজ্যিকীকরণে কাজ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম বলেন, “এই অফিস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণার ক্ষেত্রে আরো এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষণাগারের উদ্ভাবনকে বাস্তবমুখী পণ্যে রূপান্তর করে বাজারে পৌঁছে দেওয়া এবং গবেষকদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতেও এ অফিস কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান আরো বৃদ্ধি পাবে বলে আশা রাখছি।”
সভাপতির বক্তব্যে সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার বলেন, “টিটিও বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে কাজ করবে। পাশাপাশি গবেষণালব্ধ ফলাফলের পেটেন্ট, লাইসেন্স ও ট্রেডমার্কসহ বুদ্ধিবৃত্তিক সম্পদের আনুষ্ঠানিক সুরক্ষা নিশ্চিত করবে এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে একাডেমিক গবেষণার সমন্বয় ঘটিয়ে প্রযুক্তি হস্তান্তরের কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে সাব-প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য অধ্যাপক মো. রুহুল আমিনের সঞ্চালনায় টিটিওর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে উপস্থাপনা করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক মো. মাসুদুর রহমান।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার অধ্যাপক মো. আসাদ-উদ-দৌলা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক জসিম উদ্দিন আহম্মদ, বিভিন্ন সাব-প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার, সাউরেসের পরিচালক, আইসিটি পরিচালক, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টিটিও প্রকল্পে সাব-প্রজেক্ট ম্যানেজার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. শাহাদাত হোসেন ও অধ্যাপক মো. মাসুদুর রহমান। এছাড়া, সদস্য হিসেবে রয়েছেন অধ্যাপক মো. রুহুল আমিন। অফিস পরিচালনায় সহায়তা করছেন অফিস ম্যানেজার মোল্লা নাইমুজ্জামান, কম্পিউটার অপারেটর মো. মুহিন মিয়া তালুকদার এবং খণ্ডকালীন অ্যাকাউন্টস অফিসার মো. শামীম হোসেন।