চাঁদা না পেয়ে বাস আটকে মারধরের জেরে সড়কে ধর্মঘট

চাঁদা না পেয়ে বাস আটকে মারধরের জেরে সড়কে ধর্মঘট

প্রতীকী ছবি।

চাঁদাবাজির অভিযোগ এনে পরিবহন ধর্মঘট ডেকেছে নারায়ণগঞ্জ পরিবহন মালিক-শ্রমিকরা। এতে নারায়ণগঞ্জ-ঢাকা রুটের বাস চলাচল ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ হয়ে যায়।গুরুত্বপূর্ণ এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে ঢাকামুখী সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের।

আজ বুধবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান নিয়ে এই ধর্মঘট শুরু করেন বাস মালিক এবং শ্রমিকরা।

বাস মালিকদের অভিযোগ, মাহাবুবু উল্লাহ তপন দীর্ঘদিন ধরে বাস মালিক সমিতির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই দিন আগে সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে চালককে মারধর করা হয়। এতে চালক গুরুতর আহত হন।

তাদের দাবি, ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত আটক বাসটি উদ্ধার কিংবা অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে আরেক আন্দোলনকারী বললেন, ১০ দিন আগে চাঁদার জন্য মৌমিতা পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন যদি প্রশাসন সঠিক পদক্ষেপ নিত তাহলে আজ এই পরিণতি হত না।

আজকে চাঁদার জন্য বন্ধন পরিবহন বাসও বন্ধ করে দিতে চাচ্ছে। এর আগেও তাকে চাঁদা না দিলে লোক দিয়ে আমাদের গাড়ির গ্লাস ভেঙে দিত, যোগ করেন তারা।

যতক্ষণ পর্যন্ত ডেভিডের ছোট ভাই তপন এবং তার সহযোগী চাঁদাবাজদের গ্রেপ্তার করা না হবে ততদিন পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) রায়হান কবির জানান, এসপি সাহেবের সঙ্গে কথা বলছি। এ বিষয়ে অবশ্যই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।