এবার মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-বেগুন, ‘চোর’ বলে স্লোগান!
ফাইল ফটো
তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। এবার নদিয়ার কালীগঞ্জে দলীয় কর্মসূচি চলাকালীন লোকসভার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার নদীয়ার কালীগঞ্জের পলাশিতে তৃণমূল বিধায়ক আলিফা আহমেদের কার্যালয়ের এক দলীয় বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মহুয়া মৈত্র। সেই সময় হঠাৎ কার্যালয়ের বাইরে একদল নারী ও পুরুষ জড়ো হন। বিক্ষোভকারীরা ভবনের বাইরে জড়ো হয়ে কালো পতাকা দেখায় এবং জানালা দিয়ে পচা ডিম, বেগুন ও পানির বোতল ছুড়তে থাকে। একইসঙ্গে বিক্ষোভকারী তার বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দেন।
এদিকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় হামলার সময় মহুয়া মৈত্র নিজেই তার ফেসবুক পেজ থেকে লাইভ করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মহুয়ার সরাসরি অভিযোগ করেছেন, এই হামলা সাধারণ মানুষের নয়, বরং বিজেপি ও তাদের আশ্রিত গুন্ডাদের পরিকল্পিত কাজ। পরিকল্পনা করেই তাকে লক্ষ্য করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল।
তৃণমূল সাংসদ বলেন, শুভেন্দু অধিকারী বিজেপি সরকার একদিকে সংবিধান রক্ষার কথা বলছে, অন্যদিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এই ধরনের আচরণ করা হচ্ছে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মহুয়া মৈত্র আরও দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা দ্রুত হস্তক্ষেপ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর কোনও পদক্ষেপও নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন মনে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি একজন নির্বাচিত নারী এমপির নিরাপত্তার এ অবস্থা হয়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী থাকা সত্ত্বেও এ ধরনের হামলা কিভাবে অব্যাহত থাকে?’
যদিও এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় বিস্তারিত কোনও বিবৃতি সামনে আসেনি।
এদিকে ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি সরকার পরিকল্পিতভাবে অশান্তি তৈরি করার চেষ্টা করেছে।
তবে বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান সমীক ভট্টাচার্য হামলার কথা অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, তৃণমূলের কর্মীরাই মহুয়াকে মারতে গেছেন।
প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সাম্প্রতিক সময়ে একের পর এক তৃণমূল নেতাকে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। দলটির সাবেক বিধায়ক, কাউন্সিলর, এমনকী মন্ত্রী - কেউই বাদ যাননি। এবার এই তালিকায় যুক্ত হল কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নাম।