লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি

সংগৃহীত ছবি

দ্বিচারিক রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নৌরিন উর্মি। তিনি বলেছেন, ‘তারা (জামায়াত) দেশের যেকোনো রেভল্যুশনের ক্রেডিট নিতে চেষ্টা করে। লিখিত দলিল না থাকলে তারা বলত, দেশটাও তারা স্বাধীন করেছে।’

বুধবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জান্নাতুল নৌরিন উর্মি বলেন, ‘তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। তারা নারীর স্বাধীনতাকে এক প্রকারের কুক্ষীগত করার চেষ্টা করে। তারা সব সময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’

তিনি বলেন, ‘দ্বিচারী রাজনৈতিক দলকে কখনই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। জুলাই এ দেশের আপামর জনগণের। জুলাইয়ের কোনো স্টেকহোল্ডার কিংবা কোনো মাস্টারমাইন্ড নেই।  জুলাই সবার মস্তিষ্কে ছিল। স্বাধীনতার চেতনা যেমন সবার। জুলাই সবার।’

ছাত্রদলের এ নেত্রী বলেন, ‘একটি গোষ্ঠী আছে যারা সবসময় সুযোগবাদী থাকে। যারা সবসময় পাওয়ার সেন্টিক পলিটিকসকে পছন্দ করে। স্বাধীনতার সময় তারা স্বাধীনতাবিরোধী গোষ্ঠী ছিল। পরবর্তীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ভর করে, ধর্মকে পুঁজি করে তারা নারীর স্বাধীনতাকে কুক্ষিগত করার স্বপ্ন নিয়ে সবসময় চেষ্টা করে যে কোনো রেভল্যুশনের ক্রেডিটটা নিতে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘সেদিন একজন সংসদ সদস্য বললেন, যে তার বাবা শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন। পরে জানা গেল তার পিতা মুক্তিযুদ্ধের ১০ বছর পরে জন্মগ্রহণ করেছেন। এ ধরনের গালবাজি কথা রাজনীতির ময়দানে সংসদে অনেক মানুষই বলতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের নেতৃত্বে কোনো দিন কোনো অধিকারের আন্দোলন করবে না। কারণ দ্বিচারী রাজনৈতিক দলকে কখনোই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ে কিছু তরুণদের প্রতি আমার অনেক স্বপ্ন ছিল, ভরসা ছিল। তারা সমন্বয়ক নামে জনগণের যে ভরসা এবং তারুণ্যের একটি দল তারা সে ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি। আমার বন্ধুরা ছিল, সহযোদ্ধারা ছিল। তারা সেই ভরসার জায়গায় দাঁড়াতে পারেনি। আমরা আশা রাখি যে সাম্যের রাজনীতিতে তারা মানুষের জনমুখী কাজ করে মানুষের মাঝেই ফিরে আসবে।’

উর্মি বলেন, ‘শুধু বিএনপি একটি দলই থাকবে বলে আমি আশা রাখি না।  আমি ছাত্রদল করলেও আমার আশা যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। তারেক রহমান জাতীয়তাবাদকে সর্বজনীন করছেন। জুলাই যেমন সর্বজনীন ছিল। জুলাই আমাদের সবার। জুলাই রিয়া গোপের, জুলাই ওয়াসিমের, জুলাই আবু সাঈদের, জুলাই রিকশাচালকদের। জুলাই এ দেশের এলিটদের, এ দেশের মধ্যবিত্ত এবং নিম্নব্ত্তি সব মানুষের জুলাই।’