পাংশায় রোগীর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ
প্রতিকি ছবি
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ করেছেন তার স্বজনেরা।
গতকাল বুধবার বিকাল ৪টার দিকে ভুল চিকিৎসার অভিযোগ তুলে এ বিক্ষোভে স্থানীয়রাও অংশ নেন বলে জানা গেছে।
বিক্ষোভের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা বিঘ্নিত হয়। পরে পাংশা মডেল থানা পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
নিহতের বড় ভাই কামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হণ। রাতে রোগীর অবস্থা উন্নতি হতে থাকে। সকালে আমার ভাই নিজে হেঁটে বাথরুমে যায়। দুপুরে স্বাভাবিক খাবার খেয়েছেন।’
তিনি দাবি করেন, দুপুর দুইটার পর হাসপাতালের চিকিৎসক কুতুব আহমেদ ভাইয়ের শরীরে একটি ইনজেকশন দিলে অবস্থার অবনতি হতে থাকে। তখন চিকিৎসার জন্য ফরিদপুর নিয়ে যেতে অনুরোধ করেন। রোগীর অবস্থা দেখে তারা অ্যাম্বুলেন্স ঠিক করতে যান। তবে সে সময়ের মধ্যেই আনোয়ার হোসেন মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, ‘ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর দাবিতে বিক্ষোভের বিষয়টি আমি আপনার থেকে জানতে পেরেছি। আমরা দ্রুতই ঘটনাস্থল পরিদর্শন করব।’