নাসিরনগরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার নামে একজন সিনিয়র নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
লাকি আক্তার (২৮) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের মো. সামসুল হুদার মেয়ে। তিনি উপজেলার গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮ থেকে ৯ বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। গতকাল সকাল আটটা থেকে দুপুর আড়াই পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে নিজের দায়িত্ব পালন করেন লাকি। পরে সন্ধ্যার দিকে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া বলেন, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।