কোক স্টুডিও বাংলা: বিতর্কিত গানটি নিয়ে যা বললেন ভারতীয় গায়িকা

কোক স্টুডিও বাংলা: বিতর্কিত গানটি নিয়ে যা বললেন ভারতীয় গায়িকা

ফাইল ছবি

কদিন আগেই নতুন গান প্রকাশ করেছে কোক স্টুডিও বাংলা। বর্ষাকালের আমেজের কথা মাথায় রেখে প্রকাশিত গানটির শিরোনাম ‘মেঘ’। শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও ভারতের মৌসুমি দত্ত।

প্রকাশের পর থেকেই বিতর্কের মুখে ‘মেঘ’। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’কে সমন্বয় করেছেন অর্ণব। কিন্তু কথার সঙ্গে সুর-সংগীতের মেলবন্ধন খুঁজে পায়নি শ্রোতারা। এ কারণে অনেকেই সমালোচনা করছেন। গানটির ইউটিউব কমেন্ট বক্স থেকে শুরু করে ফেসবুকের বিভিন্ন পেজ-গ্রুপ কিংবা মানুষের ব্যক্তিগত টাইমলাইন, সবখানেই নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি।

যদিও বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি অর্ণব কিংবা গানের শিল্পীরা। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও থেকেছেন নির্বিকার।

গানটির দৃশ্যে মাশা ও শিল্পীদের একাংশ

এদিকে ‘মেঘ’ নিয়ে সরব হলেন ভারতীয় গায়িকা মৌসুমী। তিনি জানালেন, গানটির সঙ্গে যুক্ত হওয়ার গল্প। গতকাল রাতে ফেসবুকে গানটিতে নিজের গাওয়া অংশটুকু পোস্ট করেন তিনি। সঙ্গে লেখেন, ‘বাংলাদেশ থেকে যখন অর্ণব দা আমাকে কল করলেন, আমি ভীষণ উচ্ছ্বসিত হয়েছিলাম। কারণ অনেক বছর ধরে আমি তার গানের ভক্ত। একসঙ্গে গান করার ব্যাপারে আমাদের কথা হয়েছিল, কিন্তু আমি একদমই জানতাম না, সেটা কোক স্টুডিও বাংলার জন্য।’

মৌসুমি আরো লিখেছেন, ‘যখন তিনি (অর্ণব) বললেন, আমাকে বেজ গিটার বাজানোর সঙ্গে গাইতেও হবে, তখন আসলেই আমি খুশি হয়েছিলাম। এভাবেই গানটিতে আমার যাত্রা শুরু। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন। যদি ভালো লাগে, শেয়ার করবেন।’

সবশেষে অর্ণবের প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পী।

২৮ জুন প্রকাশের পর ইউটিউবে ‘মেঘ’-এর ভিউ ছয় লাখের মতো। কোক স্টুডিও বাংলার অন্যান্য গানের তুলনায় যা কমই বটে।

গানের দৃশ্যে শায়ান চৌধুরী অর্ণব

এ গানটি সাজানো হয়েছে মিয়াঁ তানসেনের সৃষ্ট বর্ষার রাগ ‘মিয়াঁ কি মালহার’কে কেন্দ্র করে। এতে স্বরণ দত্তের কথায় একটি অংশের সুর করেছেন শোয়েব। তবে অধিকাংশ দর্শক-শ্রোতার মূল আপত্তি ও সমালোচনা ‘সোনার তরী’ কবিতার উপস্থাপন নিয়ে।