ডিআইইউসাসের সভাপতি আবুল খায়ের, সম্পাদক নুর ইসলাম
ফাইল ছবি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক আমার সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের সভাপতি ও দ্য ডেইলি ক্যাম্পাস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে ডিআইইউসাসের সাবেক ও বর্তমান সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বেলা ৩টায়সা নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নবনির্বাচিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আল শাহরিয়া সুইট। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ক্যাম্পাস টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দূরবীন নিউজ ও দ্য ডেইলি পোস্ট-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. হৃদয়। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এডুকেশন টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”
সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, “নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলে আমাদের বিশ্বাস।”
ডিআইইউসাসের সদ্য বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা রইল। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।”