স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্বটা নিজ বাড়ি থেকে শুরু করুক- জামায়াত আমির

স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রণালয়ের দায়িত্বটা নিজ বাড়ি থেকে শুরু করুক- জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, উনি তো সংসদে অনেক বিষয়ে ভূমিকা রাখেন। আমরা চাই তার নিজের মন্ত্রণালয়ের দায়িত্বটা তার বাড়ি থেকে শুরু করুক। আমরা মাদককে নিয়ন্ত্রণ নয়, বরং নির্মূলের পক্ষে।

আজ শুক্রবার সকালে নেত্রকোনা জেলা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ‘মাদকের কারণে শুধু কিশোর নয়, বৃদ্ধরাও নষ্ট হয়ে যাচ্ছে। এর ব্যাপকতা এখন আর বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদক সেবনের থেকে মাদক লালনের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।’

জামায়াতের আমির আরও বললেন, ‘আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষের কারণে ভালো মানুষ দেশে বিনিয়োগ করতে চান না। বিভিন্ন ক্ষেত্রে পার্সেন্টেজের সংস্কৃতি চালু থাকায় অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে দেশের পরিবর্তে বিদেশে বিনিয়োগ করছেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।’

‘দেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিনিয়োগকারীদের হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করা গেলে দেশীয় ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে’, বলছিলেন ডা. শফিকুর রহমান।

মতবিনিময় সভায় নেত্রকোনার সম্ভাবনাময় প্রাকৃতিক সম্পদ নিয়েও কথা বলেছেন জামায়াত আমির। তিনি জানিয়েছেন, ‘জেলার বিজয়পুরের চিনামাটির পাহাড়, দুর্গাপুর অঞ্চলের বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ যথাযথ পরিকল্পনা ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করে কাজে লাগানো গেলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। এসব সম্পদকে কেন্দ্র করে শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।’

এ ছাড়া নেত্রকোনার পাহাড়, নদ-নদী, পর্যটন সম্ভাবনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নয়ন নিয়েও তিনি নিজের ভাবনা তুলে ধরেন। জেলার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ। সভা পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি ও জেলা প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাসহ নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি কামাল উদ্দিন এবং জামায়াতে ইসলামী নেত্রকোনা পৌরসভার নায়েবে আমির আবুল হোসেন তালুকদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

মতবিনিময় সভা শেষে শফিকুর রহমান নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

সম্মেলনে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের রুকন এবং দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।