মুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

মুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রতিকি ছবি

 

ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম অলকা জঙ্গলঘোনা গ্রামে মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ যুবকের কোনো সন্ধান মেলেনি।  

শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাকিব চট্টগ্রাম থেকে খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে পরিবার জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে পশ্চিম অলকা জঙ্গলঘোনা এলাকার মুহুরী নদীতে গোসল করতে যান। এ সময় স্থানীয় দুই নারীর সঙ্গে তিনি নদীতে নামেন। গোসলের একপর্যায়ে হঠাৎ পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী মায়া আক্তার বলেন, ‘সাকিব আমাদের সঙ্গে গোসল করতে এসেছিল। আমি দেখলাম সে একবার পানিতে ডুব দিল, পরে আরেকবার ডুব দেওয়ার পর আর ওপরে ওঠেনি। সঙ্গে সঙ্গে আমরা আশপাশের মানুষকে ডাকতে শুরু করি। আমাদের চোখের সামনে ছেলেটা পানিতে ডুবে গেছে।

আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। ’

নিখোঁজ যুবকের নানি বেগমেন্নেছা জানান, ‘গতকাল আমার নাতি চট্টগ্রাম থেকে এখানে বেড়াতে এসেছে। আসার পর আমার সঙ্গে তেমন কথা বলেনি। ভাত খেতে বলেছিলাম, সেও খায়নি। আজ দুপুরে দুই মহিলার সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পরে শুনি পানিতে ডুবে গেছে।

আমার মেয়ে ও মেয়ের জামাই সবাই চট্টগ্রামে থাকে। সাকিব মানসিকভাবে অসুস্থ ছিল। ’

পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করি। তবে পানিতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি টিমের প্রয়োজন হয়। চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে আসার জন্য জানানো হয়েছে। তারা পথে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আমরা প্রাথমিক উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

এ ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ সাকিবকে উদ্ধারে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন