গণঅধিকার পরিষদের নতুন মুখপাত্র আবু হানিফ
আবু হানিফ
দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে নতুন মুখপাত্র হিসেবে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে দায়িত্ব দিয়েছে গণঅধিকার পরিষদ (জিওপি)। দীর্ঘদিন দলের নীতিনির্ধারণী পর্যায়ে এবং গণমাধ্যম সমন্বয়ের দায়িত্ব পালনকারী আবু হানিফ এখন থেকে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
শনিবার (৪ জুলাই) রাতে দলটির দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি দলের গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্বের মাধ্যমে আবু হানিফ গণঅধিকার পরিষদের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য গণমাধ্যম ও জনসাধারণের সামনে তুলে ধরবেন। দলটির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা গণমাধ্যমের সঙ্গে দলের যোগাযোগ আরও শক্তিশালী করতে সহায়ক হবে।