চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফাইল ছবি

 

চট্টগ্রাম নগরী ও মিরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপির এক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে বন্দর থানার ধুমপাড়া এলাকায় এবং রবিবার দুপুরে মিরসরাই ইকোনোমিক জোন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই উপজেলায় কর্মরত আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) রবিবার দুপুরে দাপ্তরিক কাজে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদর থেকে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন। আবুতোরাব এলাকায় যাওয়ার পর একটি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষে গুরত্বর আহত হন তিনি।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি লক্ষীপুরের রামগতির বাসিন্দা। পরবর্তীতে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

এদিকে বন্দর থানার ওসি মো. আব্দুর রহিম জানান, শনিবার দিবাগত রাতে পাঠাও চালক আসাদুল ইসলাম (৫০) ও যাত্রী মোহাম্মদ মনজুর (৩২) মোটর সাইকেলে করে পতেঙ্গা থেকে ফৌজদারহাটের দিকে যাচ্ছিলেন। আউটার রিং রোডের ধুমপাড়া এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরত্বর আহত হন। পরবর্তীতে দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, পুলিশ অভিযুক্ত যানবাহনটি শনাক্তের চেষ্টা করছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে আসাদুল ইসলাম পিরোজপুরের ইন্দুরকানি এলাকার বাসিন্দা। তিনি নগরীর পাহাড়তলীতে থাকতেন।

মনজুর রামগতি উপজেলার বাসিন্দা। তিনি পতেঙ্গা এলাকায় নৌকা চালানোর কাজ করতেন।