পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
সংগৃহীত ছবি
মেক্সিকো সিটিতে খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। মেক্সিকো ও ইংল্যান্ডের এই ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার কথা রোববার নিশ্চিত করেছে ফিফা।
এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিত এই ম্যাচ এখন বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। মেক্সিকো সিটিতে বজ্রঝড় ও ভারী বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফা এক বিবৃতিতে জানায়, ‘মেক্সিকো সিটিতে খারাপ আবহাওয়ার কারণে, বিশেষ করে স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকির কারণে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের কিকঅফ পিছিয়ে দেওয়া হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সব মানুষের নিরাপত্তা ফিফার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। এই বিষয়ে বোঝাপড়া ও সহযোগিতার জন্য আমরা সব সমর্থককে ধন্যবাদ জানাই।’
এর আগে মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচেও একই স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের ম্যাচটি ঝড়-বৃষ্টির কারণে পিছিয়ে গিয়েছিল।
শুক্রবার ফিফা জানিয়েছিল, সম্ভাব্য ঝড়ের কারণে ম্যাচটি ছয় ঘণ্টা এগিয়ে আনার বিষয়ে তারা আলোচনা করেছে। তবে দুই দলের সঙ্গে কথা বলার পর ফিফা জানায়, তারা মূল সময়সূচি অনুযায়ীই ম্যাচ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ঝড়ের কারণে মেক্সিকোর উত্তাল ঘরের মাঠের সমর্থন কিছুটা স্তিমিত হবে বলে আশা করছে ইংল্যান্ড। এই বিশ্বকাপে নিজেদের মাঠে খেলা চারটি ম্যাচের সবকটিতেই জিতেছে মেক্সিকো। এই চার ম্যাচের কোনোটিতেই গোল হজম করেনি তারা।
এস্তাদিও আজতেকায় মেক্সিকোর রেকর্ডও দারুণ। এই মাঠে খেলা ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে হেরেছে তারা।