ব্রাজিলের হারে অসুস্থ হয়ে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী

ছবিঃ সংগৃহীত।

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন এক ব্রাজিল সমর্থক। টানা বমি ও নিম্ন রক্তচাপে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রতিদ্বন্দ্বিতা ভুলে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক আর্জেন্টিনা সমর্থক। তিনি দ্রুত মোটরসাইকেলে করে তাকে হাসপাতালে নিয়ে যান ।

ঘটনাটি ঘটেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। অসুস্থ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মাশরুফা শারমীন অ্যানি। আর বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানো আর্জেন্টিনা সমর্থক হলেন তারই সহপাঠী নাইমুল ইসলাম মঈন।

জানা গেছে, সোমবার (৬ জুলাই) রাতে অনুষ্ঠিত রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। প্রিয় দলের এমন হার ও মাঠের পারফরম্যান্সে মানসিকভাবে ভেঙে পড়েন অ্যানি। একপর্যায়ে তিনি তীব্র শারীরিক অস্বস্তি অনুভব করেন এবং মোট পাঁচবার বমি করেন। রক্তচাপও কমে যায়। পরিস্থিতির অবনতি হলে দেরি না করে নিজের মোটরসাইকেলে করে তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান মঈন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন দেন। পরে হাসপাতালে অ্যানির অন্য সহপাঠীরাও উপস্থিত হন।

ওই সময় পাশে থাকা নাইমুল ইসলাম মঈন বলেছেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরপরই অ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং দুইবার বমি করে। এরপর নরওয়ে দ্বিতীয় গোল করলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’

তার ভাষ্য, ‘ফুটবল নিয়ে মাঠে বা স্লেজিংয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু সবার আগে আমরা একই দেশের মানুষ এবং একে অন্যের সহপাঠী। আমাদের বন্ধুত্ব ও মানবিকতা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ওপরে।’