সুদানে ছয় মাসে অন্তত ৩৩০ শিশু হতাহত: ইউনিসেফ
ফাইল ছবি
আফ্রিকার দেশ সুদানে চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৩৩০ শিশু নিহত কিংবা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউনিসেফ বলছে, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মাঝে চলমান সংঘাতে শিশুদের জন্য দেশটি দিন দিন আরও বেশি প্রাণঘাতী হয়ে উঠছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘‘সুদানজুড়ে শিশুরা এমন এক যুদ্ধের নির্মম শিকার হচ্ছে, যা দিন দিন আরও বেশি রক্তক্ষয়ী রূপ নিচ্ছে।’’
ইউনিসেফ বলেছে, এখনও দারফুর এবং কার্দোফান রাজ্যে সবচেয়ে বেশি শিশু হতাহতের ঘটনা ঘটছে।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে সংস্থাটি বলছে, ‘‘উত্তর কার্দোফানের রাজধানী আল-উবাইদ ও এর আশপাশের এলাকা এবং সামগ্রিকভাবে পুরো উত্তর কার্দোফানের পরিস্থিতি বর্তমানে চরম উদ্বেগজনক।’’
গত মে মাস থেকে এই রাজ্যে ড্রোন ও অন্যান্য হামলায় অন্তত ১৮ শিশু নিহত এবং ১৭ জন আহত হয়েছে। দেশটিতে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, সহিংসতা, বাস্তুচ্যুতি আর চরম বঞ্চনার এক অন্তহীন চক্রে আটকে পড়েছে শিশুরা।
তিনি বলেন, ‘‘অধিকাংশ শিশুর জন্য এখন আর কোনও নিরাপদ জায়গা অবশিষ্ট নেই।’’
ইয়েট বলেন, তারা নিজেদের ঘরে, রাস্তায়, বাজারে, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে গিয়েও হামলার শিকার হচ্ছে, প্রাণ হারাচ্ছে। শিশুরা কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না। তাদের জীবন, অধিকার এবং ভবিষ্যৎ রক্ষা করা জরুরি।
ইউনিসেফ সতর্ক করে বলেছে, ক্রমাগত হামলার এই হুমকি শিশুদের মনে গভীর ভয়, উদ্বেগ ও মানসিক ট্রমা তৈরি করছে; বিশেষ করে যেসব জনপদের মানুষকে বারবার বোমাবর্ষণ ও বাস্তুচ্যুতির শিকার হতে হচ্ছে।
সংস্থাটি বলেছে, ‘‘চলমান সংঘাতে শিশুরা মারাত্মক সব অপরাধের মুখোমুখি হচ্ছে। এর মধ্যে রয়েছে জোরপূর্বক যুদ্ধে জড়ানো, অপহরণ, যৌন সহিংসতা এবং স্কুল ও হাসপাতালে হামলার মতো ঘটনা।’’
এদিকে আল-উবাইদ শহরে আরএসএফের হামলা অব্যাহত থাকায় সেখানে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন জাতিসংঘের কর্মকর্তারা।
রোববার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সতর্ক করেদিয়ে বলেছে, আল-উবাইদ শহরের পরিণতিও উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরের মতো হতে পারে। ২০২৫ সালে আরএসএফ আল-ফাশির শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে ব্যাপক নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছিল।
দেশটির আধা-সামরিক বাহিনীকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনাকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এই যুদ্ধ বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। দেশটিতে চলমান এই সংঘাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন।