বিশ্বকাপ থেকে তিন স্বাগতিকের বিদায়

বিশ্বকাপ থেকে তিন স্বাগতিকের বিদায়

ফাইল ছবি

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব সিক্সটিন’ থেকে বিদায় নিয়েছে তিন স্বাগতিক দেশ। ঘরের মাঠে আয়োজিত আসর হলেও নকআউট পর্ব থেকে মেক্সিকো, কানাডা কিংবা যুক্তরাষ্ট্র—কেউই কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি।

ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করেও শেষ আটে কোনো স্বাগতিক দেশের প্রতিনিধিত্ব থাকল না।

টুর্নামেন্টের সহ-আয়োজক কানাডাই প্রথম বিদায় নেয়। শেষ ষোলোর ম্যাচে মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

এরপর মেক্সিকোও ঘরের মাঠের সমর্থকদের হতাশ করে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় এল ত্রি। ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি তারা।

সবশেষে বিদায় নিল যুক্তরাষ্ট্র। নিজ দেশের দর্শকদের সামনে খেললেও বেলজিয়ামের বিপক্ষে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মার্কিনরা। ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে স্বাগতিকদের শেষ আশা নিভে যায়।

এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনা ঘটল। সাধারণত স্বাগতিক দেশগুলো নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অন্তত টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নেওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু এবার তিন স্বাগতিকের কেউই সেই লক্ষ্য অর্জন করতে পারেনি।

২০২৬ বিশ্বকাপ ইতিহাসের প্রথম আসর, যেখানে ৪৮টি দল অংশ নিয়েছে এবং তিনটি দেশ যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করছে। নতুন এই ফরম্যাটে স্বাগতিক দেশগুলোর কাছ থেকে বড় সাফল্যের প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত তা পূরণ হয়নি। বরং শেষ ষোলোর গণ্ডিই তাদের শেষ সীমানা।

শিরোপার লড়াইয়ে এগিয়ে এখন ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার প্রতিনিধিরা।