ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা

সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশন ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে। এবারের বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। তবে করের আওতা বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে সিটি করপোরেশন।

সোমবার (৬ জুলাই) দুপুরে নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এসব তথ্য জানান ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।

প্রস্তাবিত বাজেটে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮২২ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব বাজেট ১৭৬ কোটি ২৭ লাখ এবং উন্নয়ন বাজেট ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। আগের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। 

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, নতুন অর্থবছরে নগরবাসী, ব্যবসায়ী বা কোনো শ্রেণি-পেশার মানুষের ওপর নতুন করে কোনো ধরনের কর আরোপ করা হবে না। বরং যেসব এলাকায় নাগরিক সুবিধা সম্প্রসারণ করা হবে, সেসব এলাকাকে করের আওতায় এনে রাজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নগরের যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি এবং নিয়মিত যানজট সৃষ্টি হয়, সেখানে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, গত কয়েক মাসে নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরে সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার করা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় আগামী বর্ষা মৌসুমের আগেই নগরের অধিকাংশ সড়কের উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের ন্যায্য সেবা নিশ্চিত করাই সিটি করপোরেশনের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।