এবার ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

এবার ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

প্রতিকী ছবি

ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব। পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে দেশটিতে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’।এর আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা পাবেন। এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে প্লেনের টিকিট, হোটেল বুকিং ও অন্যান্য ভ্রমণ সেবা।

সৌদি আরবের (Saudi Arabia) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু দেশের বাজারে অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

প্যাকেজ ভিসার সুবিধা

নতুন এই ব্যবস্থার ফলে ভ্রমণকারীরা একটি একক প্যাকেজের মাধ্যমে পর্যটন ভিসার (Tourist Visa) জন্য আবেদন করতে পারবেন। এই প্যাকেজের ভেতরেই থাকবে রাউন্ড-ট্রিপ বা যাওয়া-আসার প্লেনের টিকিট এবং অনুমোদিত হোটেলে থাকার ব্যবস্থা। সেই সঙ্গে অনলাইনেই করা যাবে ভিসার আবেদন।

ফলে পর্যটকদের আলাদাভাবে প্লেনের টিকিট, হোটেল বুকিং বা ভিসার ঝামেলা পোহাতে হবে না। একই সঙ্গে ভ্রমণকারীরা তাদের ইচ্ছামতো বিভিন্ন ইভেন্ট, বিনোদনমূলক কার্যক্রম এবং দর্শনীয় স্থান ঘুরে দেখার বিষয়গুলোও এই প্যাকেজে যুক্ত করতে পারবেন।

ডিজিটাল প্ল্যাটফর্ম, কারিগরি সক্ষমতা এবং ২৪ ঘণ্টা গ্রাহক সেবা দিতে পারে—শুধু এমন অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোই এই সেবা দেওয়ার সুযোগ পাবে।

সহজ ভ্রমণ অভিজ্ঞতা

সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে পর্যটন খাত এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্স্যুরেন্স অথরিটির যৌথ সহযোগিতায় এই নতুন সেবা চালু হলো।

সৌদি পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব বলেন, পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সহজ ও মসৃণ করার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

তিনি আরও বলেন, সৌদি আরবের পর্যটন খাতের গল্প সবসময়ই বড় স্বপ্ন ও ক্রমাগত অগ্রগতির। এই প্যাকেজ ভিসার মাধ্যমে ট্রাভেল পার্টনারদের আরও শক্তিশালী করা হচ্ছে। এর মাধ্যমে পর্যটকদের ভ্রমণ সহজ হবে এবং তারা একদম স্মার্ট উপায়ে সৌদি আরব উপভোগ করতে পারবেন।