এবার চলন্ত ট্রেনেই ‘হানিমুন’, প্রথমবার যোগ হলো বিশেষ কেবিন!

এবার চলন্ত ট্রেনেই ‘হানিমুন’, প্রথমবার যোগ হলো বিশেষ কেবিন!

ছবি : এক্স

চলন্ত ট্রেনের একটি এসি কামরা। দরজা খুলতেই চোখে পড়বে রাজকীয় এক রোমান্টিক আবহ। পুরো কেবিনজুড়ে ছড়ানো লাল, গোলাপি ও সাদা রঙের বেলুন।দেওয়ালজুড়ে চমৎকার ফুলের সাজ। জানালার পাশে ঝুলছে হৃদয় আকৃতির পর্দা। ট্রেনের চিরচেনা বার্থ বা আসনটি সাজানো হয়েছে তাজা গোলাপের পাপড়ি দিয়ে। শুধু তাই নয়, মৃদু আলোর ফেয়ারি লাইটস, মোমবাতি আর দেওয়ালে লেখা ‘লাভ ইউ’ সাইন পুরো পরিবেশকে বদলে দিয়েছে।

এটি কোনো সিনেমার রোমান্টিক দৃশ্য নয়। বাস্তবেই এমন এক ‘হানিমুন কেবিন’ নেট দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) সম্প্রতি এমন একটি সাজানো ট্রেনের কেবিনের ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক নবদম্পতির হানিমুনের জন্য ট্রেনের একটি এসি কেবিনকে সম্পূর্ণ নতুন রূপ দেওয়া হয়েছে।

ট্রেনের ভেতরে এমন এলাহী কাণ্ড দেখে নেটিজেনদের চোখ চড়কগাছ। অনেকেই মন্তব্য করেছেন, চলন্ত ট্রেনে এমন রোমান্টিক অভিজ্ঞতা সত্যিই বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়।

প্রাইভেট ফার্স্ট এসি কুপ (Private First AC Coupe) হলো ট্রেনের সবচেয়ে বিলাসবহুল এবং সম্পূর্ণ ব্যক্তিগত কামরা বা কেবিন। সাধারণত ভারতীয় রেলওয়ে (Indian Railways) এবং সমমানের কিছু দেশের দূরপাল্লার ট্রেনের প্রথম শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কোচে এই বিশেষ কামরাটি থাকে।

এ ধরনের কেবিনে ভেতর থেকে দরজা লক করার সুবিধা থাকায় এটি যাত্রীদের পূর্ণ ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করে। অন্য সাধারণ কেবিনের তুলনায় এই কুপগুলোতে ভ্রমণের অভিজ্ঞতা একেবারেই আলাদা ও আরামদায়ক। এই ব্যক্তিগত জায়গাটুকুকেই নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন ভ্রমণপিয়াসী দম্পতিরা।

বলা হচ্ছে, ভারতে ট্রেনের ভেতর এমন হানিমুন কেবিন যোগ করার ঘটনা এটাই প্রথম। তবে অনেক মানুষ দ্বিতীয় বা তৃতীয়বারের মতো এই বিশেষ অভিজ্ঞতা উপভোগ করছেন।

রেলওয়ের এই ব্যক্তিগত কেবিনগুলোকে এখন অনেকেই জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিশেষ কোনো ব্যক্তিগত উৎসবের জন্য বুকিং করছেন। এরপর নিজেদের পছন্দমতো থিমে সাজিয়ে নিচ্ছেন পুরো কামরা। ট্রেনের এই নতুন রূপ সাধারণ মানুষের মধ্যে ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলছে।