গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, জেল-জরিমানা
ফাইল ছবি
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাওয়াখানা এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অভিযানে নেতৃত্বদানকারী গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান। এর আগে মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালিত হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যাক্তিকে দেড় লাখ টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন।
এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং বালু পরিবহনে ব্যবহৃত দুটি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দরবস্ত ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আব্দুর রহিম প্রধানের ছেলে মিণ্টু প্রধান (৪০) এবং শিবগঞ্জ উপজেলার রহবল চন্দ্রহাট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর মণ্ডল (৩৬)। এসময় অবৈধ বালু উত্তোলনের অভিযুক্ত বোয়ালিয়া গ্রামের মছির আলীর ছেলে শামীমসহ কয়েকজন পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাওয়াখানা এলাকার করতোয়া নদী থেকে বোয়ালিয়া গ্রামের মছির আলীর ছেলে শামীমের নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকা-ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে