মোবাইল ছিনতাই করে পালানোর সময় দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

মোবাইল ছিনতাই করে পালানোর সময় দৌড়ে ধরলেন ট্রাফিক সার্জেন্ট

প্রতিকি ছবি

রাজধানীর বনানীর কাকলি ক্রসিংয়ে এক মোবাইল ছিনতাইকারী পুলিশের হাতে ধরা পড়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর চিৎকার শুনে ছুটে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট শাহীন মিয়া। দৌড়ে ছিনতাইকারীকে ধরে বনানী থানায় হস্তান্তর করেন।

ডিএমপির ট্রাফিক সার্জেন্ট আনিসুর রহমান বলেন, প্রতিদিনের মতো কাকলি ক্রসিংয়ে ব্যস্ত ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট শাহীন। হঠাৎ চারপাশের গাড়ির হর্নের শব্দ ছাপিয়ে তার কানে আসে এক পথচারীর আর্তচিৎকার— চোর, চোর। আমার মোবাইল নিয়ে গেল।

চিৎকার শুনেই সার্জেন্ট শাহীন দায়িত্বে থাকা ফোর্সকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীর পিছু নেন।

সার্জেন্টকে ছিনতাইকারীর পেছনে দৌঁড়াতে দেখে আশপাশের সাধারণ মানুষও তাকে ধরতে এগিয়ে আসেন। সার্জেন্ট শাহীন মিয়া ও উপস্থিত জনতার যৌথ চেষ্টায় শেষ পর্যন্ত পালানোর কোনো সুযোগ না পেয়ে ধরা পড়ে ছিনতাইকারী। পরে তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। নিজের মোবাইল ফিরে পেয়ে ওই পথচারী সার্জেন্ট শাহীন ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছিনতাইকারীকে তাৎক্ষণিকভাবে বনানী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান আনিসুর রহমান।