নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
সংগৃহীত ছবি
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালী শেষে বিনামূল্যে গাছের চারা বিতরণ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, আবাসন প্রকল্প, ইটভাটা স্থাপন, রাস্তা-ঘাট নির্মাণ ইত্যাদি অবকাঠামো উন্নয়নের ফলে ভূমির আকার ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এ প্রেক্ষিতে দেশের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা সংরক্ষণে যথাযথ উদ্যোগ, গণসচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি অপরিহার্য। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।