দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফের নোয়াখালীর ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ফের নোয়াখালীর ব্যবসায়ী নিহত

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) বিকেলে দেশটির জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

নিহত ওই ব্যবসায়ীর নাম বেলাল হোসেন ওরফে সুমন (৩৫)। তিনি উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আব্দুল ওয়াদুদের ছেলে।

এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর দুই ব্যবসায়ীকে হত্যা করল দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, সুমন গত ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।

গত ১ বছর আগে দেশে ঘুরে যান তিনি। বুধবার বিকেলের দিকে একদল দুর্বৃত্ত দোকানে এসে তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে মাথা ও ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সুমন নিহত হন। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে, গত শুক্রবার রাতে নোয়াখালীর সদর উপজেলার মোহাম্মদ ইয়াছিন নামের এক ব্যবসায়ীকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দোকান বন্ধ করে বাসায় ফেরার মুহূর্তে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে সুমনের নিহতের বিষয়টি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জেনেছি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হবে।