জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে খেলতে নামলেন মরক্কোর ৬ ফুটবলার
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছে ফ্রান্স ও মরক্কো। তবে এই ম্যাচে এমন ৬ জন আছেন, যারা নিজেদের জন্মভূমির বিপক্ষে খেলছেন!
মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে আছেন ফ্রান্সে জন্ম নেওয়া ছয় ফুটবলার।
তারা হলেন রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউয়ি ও ইসা দিওপ। তাদের সবার পারিবারিক শিকড় মরক্কোতে।
আইয়ুব বুয়াদ্দি তো তিন মাস আগেও ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। এবারের বিশ্বকাপ শেষে এই তরুণ মিডফিল্ডার হয়তো ফ্রান্স জাতীয় দলের পরিকল্পনাতেও চলে আসতেন।
২০৩০ বিশ্বকাপে এমবাপ্পে-দেম্বেলেদের পাশে খেলার সুযোগও হয়তো মিলতো।
কিন্তু আইয়ুব বুয়াদ্দি বিশ্বকাপে খেলার জন্য আরো ৪ বছর অপেক্ষা করতে চাননি। তাই বাবা ও মায়ের দেশ মরক্কোর ফুটবল ফেডারেশন থেকে ডাক পড়তেই ‘হ্যাঁ’ বলে দিয়েছেন।
তবে আগের প্রজন্মের অভিবাসী পরিবারের সন্তান হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো—দুই দেশের হয়েই খেলার সুযোগ ছিল তাদের।
যে দেশের বিপক্ষে খেলা, সেই দেশে জন্ম নেওয়া ফুটবলারদের নিয়ে মরক্কোর এটি প্রথম ম্যাচ নয়। এর আগে তারা রাউন্ড অব ৩২ পর্বে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় দেশটিতে জন্ম নেওয়া ৩ খেলোয়াড় নিয়ে। এবার ফ্রান্সের ক্ষেত্রে এমন খেলোয়াড়ের সংখ্যা দ্বিগুণ।
দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে টানার কাজটি কয়েক বছর ধরেই করছে মরক্কো।
এবারের আগেও ফ্রান্সে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা ফুটবলারদের মধ্যে সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদী বেনাতিয়া ও মুস্তাফা হাদজি মরক্কোর জার্সিতে খেলেছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোয়ার্টার ফাইনালের ৪০ মিনিট চলছিল। গোল করতে পারেনি কোনো দলই।
সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার নেওয়া পেনাল্টি কিক রুখে দিয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু।