বিশ্বে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

বিশ্বে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও চড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সেই সঙ্গে বাড়ছে সোনা-রুপার দামও।

গত বুধবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় ৫ শতাংশ বাড়ার পর গতকাল বৃহস্পতিবার দাম বেড়েছে প্রায় ১ শতাংশ।

বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ায় জ্বালানি উদ্বেগের কেন্দ্রে আবারও হরমুজ প্রণালি। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথে আবারও ট্যাংকার আটকা পড়ছে। এই অবস্থায় বাজারে সরবরাহ উদ্বেগ ছড়িয়ে পড়ায় জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে।

গতকাল যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ০.৪৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৩.৮৭ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ০.৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয় ৭৮.৫৮ ডলার। এক সপ্তাহে উভয় তেলের দাম বাড়ল ৮ শতাংশ।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে ৫০ দিনের যুদ্ধে বিশ্ব হারিয়েছে ৫০ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল; সরবরাহ বিঘ্ন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে যা উৎপাদন করা হয়নি।