ধামরাইয়ে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
প্রতিকী ছবি
ঢাকার ধামরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আনোয়ার হোসেন মোল্লা সাভার উপজেলার ঘোরাদিয়া গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
নিহতের চাচা আবুল হোসেন মোল্লা বলেন, গত ২৬ জুন বড় কুশিয়ারা এলাকায় জমির সীমানা নির্ধারণের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপজোক চলছিল। এ সময় আনোয়ারের ছোট ভাই খোকন মোল্লা এবং তার দুই ছেলে ইফাদ মোল্লা ও ফাহাদ মোল্লা ধারালো অস্ত্র নিয়ে আনোয়ার হোসেন মোল্লা (৫৫) ও তার ভাই মনির হোসেন মোল্লার (৫২) ওপর হামলা চালান। পরে গুরুতর অবস্থায় আনোয়ার ও মনিরকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এক পর্যায়ে আনোয়ারের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ৯ জুলাই তাকে রাজধানীর হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
ছুরিকাঘাতের ঘটনায় আহত মনির মোল্লার স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে গত ২৮ জুন ধামরাই থানায় খোকন মোল্লা, তার দুই ছেলেসহ আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভাইয়ের ছুরিকাঘাতে আহত আনোয়ার হোসেন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।