ইরানে অজ্ঞাত হামলায় প্যারামিলিটারির দুই সেনা নিহত

ইরানে অজ্ঞাত হামলায় প্যারামিলিটারির দুই সেনা নিহত

ছবি: ফাইল ফটো

ইরানের মাশহাদ শহরে অজ্ঞাত হামলাকারীদের হামলায় প্যারামিলিটারি বাসিজ ফোর্সের দুই সেনা নিহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ আজ শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার মাশহাদে সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করা হয়। এরমধ্যেই বাসিজের দুই সদস্যকে হত্যার ঘটনা ঘটল।

বাসিজ ফোর্স দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের পরিচালিত একটি আধাসামরিক বাহিনী।

বাসিজের ওই দুই সদস্য কবে এবং কীভাবে নিহত হয়েছেন সেটি তাসনিম নিউজের খবরে স্পষ্ট করা হয়নি। এছাড়া কারা এ হামলা চালিয়েছে সেটিও এতে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে শুধু বলা হয়েছে, টহলরত অবস্থায় ওই দুই সেনাকে হত্যা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছে, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

ওই হামলায় এক পথচারী আহত হয়েছেন। তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘ চার মাস পর তার মরদেহ গত বৃহস্পতিবার রাতে মাশহাদে দাফন করা হয়।

তাকে শেষ বিদায় জানাতে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ইরান। এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: তাসনিম নিউজ