সোনারগাঁয়ের শপিং মলে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো— বাবু ওরফে রবি ওরফে রনি, ইছহাক ওরফে সাগর, কামাল, আলমগীর, জামাল, আলাউদ্দিন, সুমন, রুবেল ও আলামিন ওরফে বাম্বু আলামিন। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গত ১৩ জুন প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।