রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

রাজধানীতে ‘প্রেমিকার’ ছুরিকাঘাতে রেল কর্মকর্তার মৃত্যু

সংগৃহীত ছবি

রাজধানীর মহাখালী এলাকায় ‘পরকীয়া প্রেমিকার’ ছুরিকাঘাতে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মামুন মিয়া (৩০) খুন হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে মহাখালী টিভি গেট এলাকার একটি বাড়ির ৩য় তলায় এ ঘটনা ঘটে।  গুরুতর অবস্থায় বাড়ির মালিক মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে বাড়ির ৩য় তলায় চিৎকার শুনতে পেয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন মামুন। তার পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা।

দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া জানান, মামুনের বাড়ি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা।

তিনি গ্রামে থাকেন। চলতি মাসের এক তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দেন। 

বনানী থানার এসআই তারেক হাসান বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিউটি আক্তারকে আটক করা হয়। গত শুক্রবার বিউটি ওই বাসাটি ভাড়া নেন। শনিবার সকালে সেখানে গিয়েছিলেন মামুন।

দুজনই বিবাহিত। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। তবে কেন তাকে হত্যা করেছে, সেটি জানার চেষ্টা চলছে।