রুয়েটে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার সম্পন্ন

রুয়েটে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার সম্পন্ন

সংগৃহীত

শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সংযুক্ত করা, দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) দুই দিনব্যাপী ১১তম আরসিএফ (রুয়েট ক্যারিয়ার ফোরাম) ক্যারিয়ার ফেয়ার ২০২৬ সম্পন্ন হয়েছে।

১০ ও ১১ জুলাইয়ের এ আয়োজনে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক।

উদ্বোধন শেষে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করে বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে সেতুবন্ধ তৈরি করে।”

দুই দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১ হাজার ৫০০টি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন শিক্ষার্থীরা। সিগমা অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অন-ক্যাম্পাস নিয়োগ কার্যক্রমে ৬০ জনের বেশি শিক্ষার্থী সরাসরি ভাইভায় অংশ নেওয়ার সুযোগ পান।

প্রথম দিনে বিসিএসবিষয়ক সেমিনারে রুয়েটের তিনজন সফল বিসিএস ক্যাডার তাদের প্রস্তুতি ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। দ্বিতীয় দিনে উচ্চশিক্ষা, আইইএলটিএস ও স্পোকেন ইংলিশবিষয়ক সেমিনারের পাশাপাশি এইচআর সামিট অনুষ্ঠিত হয়। এতে ওয়ালটন, প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, বিএসআরএম, এমজিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রতিনিধিরা চাকরির বাজার, নিয়োগপ্রক্রিয়া ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করেন।

১১ জুলাই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও সেমিনারে অংশ নেওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে রুয়েট ক্যারিয়ার ফোরামের সভাপতি ফজলে রাব্বি বলেন, “রুয়েট ক্যারিয়ার ফোরাম প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আরসিএফ ক্যারিয়ার ফেয়ার আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং করপোরেট জগতের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আশা করি, এবারের আয়োজনও সেই ধারাবাহিকতাকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

আয়োজকদের মতে, চাকরির আবেদন বা নিয়োগের বাইরে করপোরেট সংযোগ, অন-ক্যাম্পাস নিয়োগ, বিসিএস প্রস্তুতি, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতা উন্নয়নের সমন্বয়ে এবারের ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে।