ইয়াবাসহ দুই যুবক আটক, ব্যতিক্রমী কায়দায় পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা
প্রতিকি ছবি
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে ব্যতিক্রমী কায়দায় পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক দুজনের মধ্যে একজনের হাত-পা বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে এলাকায় ঘোরানো হয়। অন্যজনকে স্থানীয়দের সামনে গানের তালে নাচতে বাধ্য করা হয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- উপজেলার আড়াচন্ডি এলাকার মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই এলাকার মোসলেম দারগার ছেলে সাজু দারগা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুই যুবক দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন।
বিষয়টি নজরে এলে কয়েকজন স্থানীয় যুবক তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
এরপর উত্তেজিত জনতা আটক দুজনের একজনের হাত-পা বেঁধে একটি বাঁশের সঙ্গে ঝুলিয়ে এলাকায় ঘোরান।
অপর যুবককে স্থানীয়দের সামনে গানের তালে নাচতে বাধ্য করা হয়। পরে খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন যুবকের হাত-পা বাঁধা অবস্থায় তাকে বাঁশে ঝুলিয়ে কয়েকজন বহন করছেন। অন্য একটি ভিডিওতে অপর যুবককে স্থানীয়দের সামনে নাচতে দেখা যায়। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
জাজিরা থানার ওসি সালেহ আহমদ বলেন, স্থানীয়রা ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।