মাদক সেবন দেখে ফেলায় নানিকে যৌন নির্যাতন ও শ্বাসরোধে হত্যা, নাতি গ্রেপ্তার

মাদক সেবন দেখে ফেলায় নানিকে যৌন নির্যাতন ও শ্বাসরোধে হত্যা, নাতি গ্রেপ্তার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় ৮০ বছর বয়সী আয়েশা বেগম হত্যা মামলায় তার নাতি ইমাম হুসাইন তামজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তামজিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই সদর উপজেলার পাইকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আয়েশা বেগম। পরদিন বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর নিহতের এক ছেলে বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে শনিবার রাতে আখাউড়া উপজেলার তন্তর এলাকা থেকে তামজিদকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে তামজিদ জানান, ঘটনার দিন তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। বিষয়টি আয়েশা বেগম দেখে ফেললে তিনি অন্যদের জানিয়ে দেওয়ার কথা বলেন।

এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর তাঁর কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে মরদেহ বস্তাবন্দি করে পাশের ডোবায় ফেলে দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনায় অন্য কেউ জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।