মাদরাসা শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা

মাদরাসা শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা

ফাইল ছবি

দেশের বিভিন্ন মাদরাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। 

রোববার (১২ জুলাই) অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশা দেওয়া হয়। 

এতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদরাসাসমূহের শিক্ষক-কর্মচারীদের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদরাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদফতরে দাখিল করা হয়। 

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায়, সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদের সঙ্গে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়া তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।