ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
সংগৃহীত ছবি
পাবনার ঈশ্বরদীতে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগমুহূর্তে হঠাৎ লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির দুটি বগির আটটি চাকা রেললাইন থেকে নেমে যায়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দ্রুত রেললাইন সচল করতে কাজ চলছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে।
কমিটির অন্য সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।