টানা বৃষ্টিতে পুরান ঢাকার নারিন্দায় সড়কে ধস, যান চলাচল বন্ধ

টানা বৃষ্টিতে পুরান ঢাকার নারিন্দায় সড়কে ধস, যান চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও ভারী বর্ষণে রাজধানী পুরান ঢাকার নারিন্দা মোড়ে একটি মূল সড়ক ধসে পড়ে তলিয়ে গেছে। ফলে সম্পন্ন বন্ধ হয়ে গেছে ওই সড়কে যান চলাচল। বর্তমানে সড়কের একপাশ দিয়ে যান চলাচল করায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার বিকাল আনুমানিক ৪টায় হঠাৎ করে সড়কের মাঝে থাকা আইল্যান্ড ঘেঁষা একটি অংশ ধসে পড়ে তলিয়ে যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, সড়ক ধসে পড়ায় রায়সাহেব বাজার মোড় থেকে মুরগিটোলা, দয়াগঞ্জ মোড় পর্যন্ত একদিকের সড়কে সম্পন্ন যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট ও ভোগান্তিতে পড়ছেন এ সড়কে নিয়মিত যাতায়াতকারীরা। বর্তমানে সড়কটির একপাশ বন্ধ রেখে বিপরীত পাশে সীমিত যান চলাচল করছে।

স্থানীয়রা জানিয়েছে, রবিবার বিকালে টানা বৃষ্টির সময় সড়কের মাঝামাঝি অংশ দেবে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং দেবে যাওয়া অংশটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে আইল্যান্ড ঘেঁষা অংশটি আরও ধসে পড়ে তলিয়ে যায়।

ধসে পড়া সড়কের খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিকেল থেকে তাৎক্ষণিক মেরামত কাজ শুরু করেন।

সড়কটির সংস্কার কাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল। একপর্যায়ে সেটিই ধসে পড়ায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিনদিন লাগবে। এছাড়া কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়কে সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যানচলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে।