বন্যার্তদের পাশে অভিনেতা তৌসিফ
ছবি: সংগৃহীত
ফের বন্যার কবলে দেশ। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা প্লাবিত। এর মধ্যে আবার পাহাড় ধ্বসের মতো ঘটনাও ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে লাখো মানুষ পানিবন্দী। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।
আশঙ্কাজনক এ পরিস্থিতি নিয়ে চিন্তিত সাধারণ মানুষ, ব্যতিক্রম নন তারকারাও। দুদিন ধরে শোবিজের অনেকেই বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। সবাইকে মিলেমিশে এই সংকট মোকাবিলার আহ্বান জানাচ্ছেন।
এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষের জন্য আর্থিক সয়াহতা দিয়েছেন তিনি। খবরটি সামনে এলো তার এক ভক্তের সুবাদে।
মোহাম্মদ ইমন নামের ওই ভক্ত বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। সেটা জানতে পেরে নিজ থেকেই তার সঙ্গে যোগাযোগ করেন তৌসিফ, দিয়েছেন অনুদান। গণমাধ্যমকে ওই ভক্ত বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালির দিকে যাব, সেখানে বন্যার্তদের মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণ করব। প্রায় এক হাজার মানুষের জন্য শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং বিশেষ করে নারীদের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ত্রাণ বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
যদিও বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলতে চান না অভিনেতা তৌসিফ। তিনি মনে করেন, এমন দুর্যোগে সামর্থ্যবান সকলেরই এগিয়ে আসা উচিৎ। তিনিও তার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করছেন। ফেসবুক বার্তায় অভিনেতা লিখেছেন, ‘মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।’
এদিকে শোবিজের আরো অনেক তারকাই বন্যা নিয়ে সরব হয়েছেন। কেউ সোশ্যাল মিডিয়ায় সচেতনতার বার্তা দিচ্ছেন, কেউ আবার সহযোগিতার আহ্বান করছেন। এর আগে ২০২৪-এর বন্যার সময়ও শিল্পীরা জোট বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।