নারীর রহস্যজনক মৃত্যু: স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি ও সন্তান নিখোঁজ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) রাত ১১টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়ায় শাহজাহান মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী পরিচয় দেওয়া এক ব্যক্তি ও ৬ বছরের কন্যাশিশু নিখোঁজ থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। গত ১ জুলাই সাদিয়া আক্তার ৬ বছরের এক কন্যাশিশু ও স্বামী পরিচয় দেওয়া এক অজ্ঞাত ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। ভাড়ার সময় নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিলেও স্বামীর পরিচয়পত্র পরে দেবেন বলে মালিককে জানান।
পুলিশ জানায়, সাদিয়ার মুখের বাম পাশে আঘাতের চিহ্ন ও রক্ত জমাট ছিল। ধারণা করা হচ্ছে, সোমবার ভোর থেকে রাতের মধ্যে তার মৃত্যু হয়েছে। এদিকে মরদেহ উদ্ধারের আগেই ওই ব্যক্তি ও শিশুটি নিখোঁজ হয়ে যায়। তাদের ব্যবহৃত দুটি মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। পুলিশ সুরতহাল শেষে মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুম বিল্লাহ জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিখোঁজ ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে।