রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ‘আনন্দ সন্ধ্যা’

রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ‘আনন্দ সন্ধ্যা’

সংগৃহীত

প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে নিউইয়র্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘আনন্দ সন্ধ্যা’।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় জুইস সেন্টারে ‘এ্যাবাউট টাইম ইভেন্টস’ ও ‘অল কাউন্টি হোমকেয়ার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার হৃদয়ছোঁয়া রবীন্দ্রসংগীতে পুরো মিলনায়তন সুরের আবেশে ভরে ওঠে। পাশাপাশি সংগীতশিল্পী স্বপ্নীল সজীবও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা তসলিমা নাসরিন। তিনি আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার এমন উদ্যোগের প্রশংসা করেন। বক্তারা বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি শুধু একটি দেশের সম্পদ নয়, এটি বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজস্ব সংস্কৃতির পরিচয় তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতির চর্চার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ আরও শক্তিশালী হয় বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দেন এ বি ওয়ালিউদ্দিন চৌধুরী। আয়োজকরা জানান, ‘আনন্দ সন্ধ্যা’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিক চর্চা এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখার একটি প্রয়াস।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘অল কাউন্টি হোমকেয়ার’-এর চেয়ারওম্যান সিফা আমিন অতিথি, শিল্পী, আয়োজক, পৃষ্ঠপোষক ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিতদের অবহিত করে কমিউনিটির সবাইকে সেবা গ্রহণের আহ্বান জানান।