শিক্ষার্থী-পরিবহণ শ্রমিক সংঘর্ষে আহত ১৬

শিক্ষার্থী-পরিবহণ শ্রমিক সংঘর্ষে আহত ১৬

ছবিঃ সংগৃহীত।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশের দুই জেলায় পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা এবং বরিশালের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বাস ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।

এদিকে বরিশাল বাস স্ট্যান্ড এলাকায় দুপুর পৌনে দুইটাই শিক্ষার্থীরা রাহী এন্টারপ্রাইজের বাস ভাঙচুর করেছে এমন অভিযোগ করে পরিবহন শ্রমিকরা। বাস ভাঙচুরের প্রতিবাদে তারা ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে। পরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী ও তিনজন পরিবহন শ্রমিক আহত হয়েছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস দিনাজপুর স্টেশনে আটকা পড়েছে। ট্রেনটি দুপুর ২ টা ১০ মিনিটে দিনাজপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর আড়াইটা) শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি, আন্দোলন তুলে নেওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে।