ম্যারাডোনা ও ৮৬-এর চ্যাম্পিয়ন দলকে স্মরণ আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে কথা বললেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই ম্যাচের আগে তিনি ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার কীর্তি স্মরণ করলেন। ওই ম্যাচে কার্লোস বিলার্দোর দলের জয়ে দুটি গোল করেছিলেন তিনি। পরে তারা ওই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।
এক সংবাদ সম্মেলনে ম্যাক অ্যালিস্টার বললেন, ‘আশা করি আমরা একই রকম কিছু করতে পারব।’ আটলান্টায় দলের ম্যাচ শুরুর আগে গণমাধ্যমের কাছে এই কথা বলেন তিনি। গতকাল রাতে এই শহরে পা রাখে আর্জেন্টিনা। আগামীকাল মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে তারা ইউরোপিয়ানদের বিপক্ষে খেলবে। এর আগে ওই ঐতিহাসিক ম্যাচ নিয়ে জানতে চাওয়া হয় লিভারপুল মিডফিল্ডারের কাছে। তিনি বলেন, ‘ডিয়েগো যাা করেছিল সেটা থেকে অনুপ্রাণিত হওয়া কঠিন। মাঠে তিনি যা করেছিলেন, সেটা সম্ভবত শুধু লিও করতে পারে।’
ফকল্যান্ড যুদ্ধের চার বছর পর হওয়া সেই টুর্নামেন্টের ম্যাচটি থেকে দলের অর্জন নিয়ে তিনি বললেন, ‘৮৬-এর ভিডিওগুলো আজকাল ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেটা অবশ্যই সাহায্য করবে। এটা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রতীক। আশা করি তারা যা অর্জন করেছিল আমরাও একই রকম কিছু করতে পারব।’
থমাস টুখেলের দলের প্রতি ম্যাক অ্যালিস্টারের শ্রদ্ধা আছে। একই সঙ্গে নিজেদের সামর্থ্যের প্রতিও আস্থা তার, ‘তাদের অনেক সামর্থ্যবান খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ খেলেছে। কিন্তু আমাদেরও একটা স্পষ্ট ধারণা আছে, আমরা পাল্টাচ্ছি না এবং আশা করি একটা ভালো ম্যাচ হবে।’