মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

মহাখালী টার্মিনাল থেকে পূর্বাচলে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন

সংগৃহীত ছবি

রাজধানীর যানজট নিরসন ও সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহাখালী বাস টার্মিনালে প্রায় ৪০০টি গাড়ি রাখার জায়গা থাকলেও প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৫০০টি গাড়ির আসা-যাওয়া হয়। ফলে মূল সড়কে গাড়ি পার্কিংসহ পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

এই জনদুর্ভোগ নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং তার কার্যালয়ের তত্ত্বাবধানে সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান মো. আনিছুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি, রাজউক, সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পূর্বাচলের ৩ নম্বর সেক্টরে রাজউকের মালিকানাধীন প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ মহাখালী টার্মিনালের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট সুধীজন।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।