‘আওয়ারাপান ২’-‘টক্সিক’ মুক্তি পাবে বাংলাদেশে?
ছবি: সংগৃহীত
কয়েক বছর বন্ধ থাকার পর ফের বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সিনেমা। সাফটা চুক্তির আওতায় ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’ এবং ইয়াশের ‘টক্সিক’ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, ‘আওয়ারাপান ২’ দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি চেয়ে এরইমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। ছবিটি আমদানির উদ্যোগ নিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানটি সাফটা চুক্তির আওতায় ‘আওয়ারাপান ২’ আমদানির অনুমোদন চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে। তারা জানিয়েছে, ‘টক্সিক’ও আমদানি করা হবে।
অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, “আওয়ারাপান ২’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন জমা দেওয়া হয়েছে। ‘টক্সিক’-এর আবেদনও খুব শিগগির করা হবে। আমার ইচ্ছা রয়েছে শাহরুখ খানের ‘কিং’ সিনেমাটিও বাংলাদেশে আনার। সব নিয়ম মেনেই আমরা ছবিগুলো আমদানির চেষ্টা করছি। মন্ত্রণালয়ের অনুমতি পেলে মুক্তিতে কোনো বাধা দেখছি না।”
সবশেষে মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে আছেন আমদানিকারকরা। মন্ত্রণালয় থেকে অনুমতি মিললেই ফের খুলে ভারতীয় সিনেমা মুক্তির পথ।