যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইরানে নিহত বেড়ে ৩৫
সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল ও বিভিন্ন কৌশলগত অবস্থান লক্ষ্য করে আবারও রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক এ হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত দেশের বৃহত্তম দ্বীপ কেশম এবং বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর নজরদারি রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী সিরিকেও অনুরূপ বিস্ফোরণের খবর মিলেছে। এ ছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের সিস্তান প্রদেশের চাবাহার, কোনারাক এবং রাস্ক শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
এদিকে গত কয়েক ঘণ্টায় আহভাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় সরাসরি একটি হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে অথবা অন্তত সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর হাসপাতালটি খালি করা হয়। ওই হামলায় শিশুদের ক্যানসার চিকিৎসা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে এ হামলার জবাবে অঞ্চলের বিভিন্ন স্থানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালানো হচ্ছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।