কুষ্টিয়া জিলা স্কুলে জুলাই শহীদ দিবস পালিত
সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা আর অশ্রুসিক্ত নয়নে কুষ্টিয়া জিলা স্কুল অডিটোরিয়ামে বৃহস্পতিবার (১৬ জুলাই) পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। চব্বিশের গণ-আন্দোলনের বীর শহীদ আবু সাঈদসহ জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই অডিটোরিয়াম প্রাঙ্গণ শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে, যা রূপ নেয় এক আবেগঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মুন্সী কামরুজ্জামান। অত্যন্ত সাবলীলভাবে পুরো অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহবুবা বেগম।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আবেগপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সভাপতি ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র মোজাক্কির হোসেন রাব্বি। তিনি তাঁর বক্তব্যে শহীদদের বীরত্বগাথা স্মরণ করে বলেন, শহীদ আবু সাঈদ ও জুলাইয়ের যোদ্ধারা আমাদের যে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে গেছেন, তা আমাদের বুক দিয়ে আগলে রাখতে হবে। তরুণ প্রজন্মকে জিলা স্কুলের গৌরবময় ইতিহাস বুকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর ছাত্রদলের নেতা ও কুষ্টিয়া জিলা স্কুলের প্রাক্তন ছাত্র সাইফ হোসেন সংগ্রাম। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে তিনি বলেন, "জিলা স্কুলের ছাত্ররা সবসময় অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিল। চব্বিশের ছাত্র-জনতার মহাবিপ্লব আমাদের শিখিয়েছে কীভাবে মাথা নত না করে অধিকার ছিনিয়ে আনতে হয়। শহীদদের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেব না।"
সভায় শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলনের প্রেক্ষাপট ও শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আব্দুল লতিফ।
আলোচনা পর্ব শেষে জুলাই আন্দোলনের সকল বীর শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ রহমাতুল্লাহ। মোনাজাতের সময় উপস্থিত শিক্ষক, অতিথি ও শত শত শিক্ষার্থীর চোখে অশ্রু নেমে আসে। এক নীরব ও পবিত্র আবহ সৃষ্টির মধ্য দিয়ে স্মরণসভাটি শেষ হয় এবং অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নাস্তার প্যাকেট বিতরণ করা হয়।